২০২৬-এ নির্বাচনে ঝাপাচ্ছে 'মূলনিবাসী ফ্রন্ট' সমর্থিত 'মূলনিবাসী পার্টি অব ইন্ডিয়া' :
'মূলনিবাসী ফ্রন্ট' সমর্থিত মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া (MPI) ২০২৬ এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক লড়াই করবে ।
--- মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া
মূলনিবাসী ফ্রন্টের নেতৃত্বে ঝাপাচ্ছে 'মূলনিবাসী পার্টি'
সম্প্রতি মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার (MPI) পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা এক জরুরী (অনলাইন) সভায় বসে। উল্লেখ্য, মূলনিবাসী পার্টি অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ডঃ নজরুল ইসলামের উদ্যোগে।
এই সভায় সিদ্ধান্ত হয় মূলনিবাসী ফ্রন্টের নেতৃত্বে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে লড়াই করা হবে।
বর্তমানে চারটি দল নিয়ে তৈরি হয়েছে মূলনিবাসী ফ্রন্ট! এই চারটি দল হল আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়া (APl) ; ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যালস্টিক অ্যাকশন ফোর্সেস (INSAF) ; ইন্ডিয়ান ইউনিটি সেন্টার (IUC) ও মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া (MPI)। এছাড়া অন্যান্য সমস্ত আম্বেদকরবাদী দলের সঙ্গে সহযোগিতা করেই মূলনিবাসী ফ্রন্ট কাজ করার চেষ্টা করছে। বিশেষত অদূর ভবিষ্যতে বিএমপি, বিএসপি, আজাদ সমাজপার্টি তাদের সঙ্গে সহযোগিতার আশা রাখছে !
বিগত ২০১৬ সাল থেকে এই পর্যন্ত সমস্ত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া তার সাধ্যমত বিধানসভা ও লোকসভায় প্রার্থী দিয়েছে ।
গতকাল (০২/০৮/২০২৫) একটি অনলাইন সভায় কেন্দ্রীয় সদস্যরা জেলার প্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করেন! আলোচনায় অংশ নেন বিভিন্ন জেলার জেলা প্রেসিডেন্ট এবং জেলা সম্পাদকেরা। জেলার অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট অধীর বর্মন জানান, বর্তমানে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন ময়নাগুড়ি, ধুপগুড়ি, জলপাইগুড়ি সদর, মালবাজার, আলিপুরদুয়ার, মাদারিহাট, নাগরাকাটা, বানারহাট এই বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিধানসভায় নির্বাচনে অংশগ্রহণ করার। ফ্রন্টের স্বার্থে কিছু কেন্দ্র ছেড়ে দিতে হতে পারে সে বিষয় নিয়েও আলোচনা হয়। উত্তরবঙ্গের প্রতিনিধি জানান অন্তত ময়নাগুড়ি, ধুপগুড়ি নিয়ে পাঁচটি কেন্দ্র তাঁরা নিজেদের জন্য রাখতে চান ।
মালদা জেলার প্রেসিডেন্ট শ্যামলাল হাঁসদা, এবং প্রতিনিধি সুমিতা হাঁসদা উভয়েই জানান গাজোল ও হবিবপুরে মূলনিবাসী পার্টির প্রার্থী অবশ্যই থাকবে। এছাড়া ওল্ড মালদা এবং ইংরেজবাজার নিয়েও তারা ভাবছেন। এছাড়া আলোচনায় উঠে আসে রতুয়া কেন্দ্রের প্রার্থী দেওয়া নিয়ে ।
পুরুলিয়া জেলার পক্ষ থেকে জহরলাল মাহাতো জানান জয়পুর, বরাবাজার, মানবাজার কেন্দ্রে তাঁরা অবশ্যই প্রার্থী দেবেন ! ঝাড়গ্রাম জেলার প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন নি । তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা অন্তত দুটি কেন্দ্রে প্রার্থী দেয়ার কথা ভাবছেন ।
বীরভূম জেলার পক্ষ থেকে বীরভূম জেলার সাধারণ সম্পাদক সিরাজুল শেখ তিনি উল্লেখ করেন বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বর, নানুর এছাড়া বর্ধমানের আউসগ্রাম কেন্দ্রে তারা প্রার্থী দেওয়ার কথা ভেবেছেন!
হুগলি জেলার পক্ষ থেকে জেলা প্রেসিডেন্ট প্রফুল্ল ধাড়া ও সম্পাদক আনন্দ মুদী জানান তাঁরা চন্ডীতলা এবং হুগলি কেন্দ্রে প্রার্থী অবশ্যই দেবেন এবং সিঙ্গুর কেন্দ্রের জন্য ভাবনা চিন্তা করছেন ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক সৌরভ নস্কর তিনি জানান মগরাহাট-পশ্চিম, কুলপি, মন্দিরবাজার কেন্দ্রের প্রার্থী দেওয়ার চেষ্টার উল্লেখ করেন। এছাড়া জয়নগর, কুলতলী, বারুইপুর-পূর্ব এই কেন্দ্রগুলোর কথা উল্লেখ করেন মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডক্টর কৌস্তব মন্ডল।
এই সভায় উপস্থিত ছিলেন মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার সহ-সম্পাদক, সাংবাদিক আলী হোসেন। তিনি জানান আমাদের ডিজিটাল মিডিয়া 'মূলনিবাসীর কথা' চালু হয়েছে। https://mnpinews.blogspot.com লিখে গুগলে সার্চ করলেই এই ওয়েব পোর্টালটি পাওয়া যাবে। এই পোর্টালটি নিয়মিত ভিজিট করতে হবে এবং এখানে প্রকাশিত প্রবন্ধ বা নিবন্ধগুলো পরিচিতদের মধ্যে শেয়ার করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, "এই মিডিয়ার ('মূলনিবাসীর কথা') মাধ্যমে আমাদের পার্টির কথা, বিশেষ করে আমরা কাদের জন্য , কেন এবং কীভাবে লড়াই করছি কিংবা মূলনিবাসী বঞ্চিত মানুষের জন্য কী করব, সেই বার্তা তাদের কাছে সহজেই পৌছে দেওয়া যাবে। "
এই মিডিয়ার ('মূলনিবাসীর কথা') মাধ্যমে আমাদের পার্টির কথা, বিশেষ করে আমরা কাদের জন্য , কেন এবং কীভাবে লড়াই করছি কিংবা মূলনিবাসী বঞ্চিত মানুষের জন্য কী করব, সেই বার্তা তাদের কাছে সহজেই পৌছে দেওয়া যাবে।
---- আলী হোসেন
সেই সঙ্গে সবাইকে এখানে লেখার অনুরোধ জানান। বিভিন্ন খবরাখবর ছবিসহ পাঠানোর অনুরোধ করেন।
অনলাইন সভা পরিচালনা করেন মূলনিবাসী ফ্রন্টের সভাপতি তথা মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার সহ-সভাপতি পীযূষ গায়েন।
সভাপতি মহাশয় সবাইকে অনুরোধ করেন প্রতি মাসে সবাই তাদের সাধ্যমত আর্থিক সহযোগিতা সরাসরি পার্টির ব্যাংক অ্যাকাউন্টে যেন জমা করেন। কারণ, পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেন, আমাদের এই গণতান্ত্রিক দল সাধারণ মানুষের সামান্য সহযোগিতায় চলছে। ফলে প্রত্যেকটি সদস্যের দায়িত্ব সংগঠনের তহবিলকে মজবুত করা, যাতে নির্বাচনের সময় আমাদের সামান্য আর্থিক বল নিয়ে কাজ করতে অসুবিধা না হয়। এছাড়াও তিনি বলেন মানুষের ঘরে ঘরে গিয়ে জানিয়ে আসতে যে এটা মূলনিবাসী বহুজন সমাজের নিজস্ব দল।
আম্বেদকরপন্থী মানুষেরা তাদের ভোট যাতে তাদের ঘরে রাখতে পারেন, সেই ভাবনা প্রচার করতে হবে। সংবিধান বাঁচাতে গেলে এর বিকল্প আমাদের কাছে আর কিছু নেই। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার।
সবাইকে ধন্যবাদ দিয়ে জয় ভীম, জয় মূলনিবাসী জানিয়ে অনলাইন সভা সমাপ্ত করেন সভাপতি ডক্টর কৌস্তব মন্ডল।
------------xx--------------

